ড. কামালের শঙ্কা : নিরপেক্ষ তো দূরের কথা, নির্বাচনই হবে কি না
নিউজ ডেস্ক।। ভোটের দিনের পরিবেশের শঙ্কা জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘ভোটারদের হুমকি দেয়া হচ্ছে। প্রার্থীদের ওপর হামলা হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে আশঙ্কা থেকেই যায় ভোটের দিন কি হবে? নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া তো দূরের কথা নির্বাচনই হবে কি হবে না তা নিয়ে আশঙ্কা আছে। রোববার বিকালে পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কামাল হোসেন বলেন, ‘নির্বাচনের প্রার্থীদের ওপর হামলা ও গ্রেফতারের বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি। এভাবে গেফতার সাংবিধান বর্হিভূত। এটা হতে পারে না। নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। সেখানে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আপনারা সবাই জনগণের হয়ে ভোট কেন্দ্র পাহারা দেবেন’।
নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে কি না-প্রশ্নে কামাল হোসেন বলেন, ‘আশঙ্কা তো আছেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে কি না। এটা বলতে চাই, জনগণ আমাদের সাথে আছে। রাষ্টপতির একটা আমন্ত্রণে যাচ্ছি। ওখানে জিজ্ঞাসা করবো। আমাদের সাক্ষাতের অনুমতি দিবেন কিনা’?
লিখিত বক্তব্য ড.কামাল হোসেন উল্লেখ্য করেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ আসনের প্রার্থীরা নানা বাধার সম্মুখীন হচ্ছে। সরকারের আজ্ঞাবহ হয়ে পুলিশ ধানের শীষের প্রার্থীদের বাধা দিচ্ছে। পুলিশ কর্মকর্তারা প্রার্থী, কর্মী সমর্থকদের শাসাচ্ছে। সরকারি দলের সন্ত্রাসীরা গুলি করছে, বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছে। গায়েবী মামলায় প্রার্থী সহকর্মী সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। এ অবস্থায় মাঠ পর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ১৮ ডিসেম্বরের মধ্যে মাঠে সেনাবাহিনী মোতায়নের দাবি জানাচ্ছি।’ উৎস: আমাদেরসময়.কম।




