এবার ওয়াকওভার দেবে না মান্না
এবার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওয়াকওভার দেওয়া হবে না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না। রোববার বেলা ১১টা ৪৫ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিজয় দিবসের র্যালি শেষে তিনি একথা বলেন।মান্না বলেন, ‘যখন নির্বাচন আসলো, তারা (ক্ষমতাসীন দল) মনে করেছিল যে, এই নির্বাচনটাতেও বোধহয় তারা ওয়াকওভার নিতে পারবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার ওয়াকওভার দেব না। আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, প্রার্থী দিয়েছি এবং তখন সরকারের মাথা খারাপ হয়ে গেছে।’
এ সময় তিনি আরও বলেন, ‘এটা বিজয়ের দিন। আর আমরা একটা লড়াইয়ের মধ্যে আছি। এই লড়াই ভোটের লড়াই। ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটের নামে একটি ফ্রাডিওনেন্স হয়েছে। ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ভোটের ফলাফল ভোট হওয়ার আগেই প্রকাশ করা হয়েছিল। সেই থেকে গত ৫ বছরে দেশে যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচন ক্ষমতাসীনরা ছিনতাই করেছেন, জনগণকে ভোট দিতে দেয়নি।’এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরামের নির্বাহী সভাপতি ঢাকা-৬ আসনের ধানের শীষের প্রার্থী সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা-১৪ আসনের প্রার্থী আবদুস সালাম, ঢাকা -১ আসনের প্রার্থী আবু আশরাফ খন্দকার, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা প্রমুখ।




