238884

‘অবশেষে আমার আশা পূরণ হয়েছে’

বিনোদন ডেস্ক।। ‘অনেকদিন ধরেই অনিশ্চয়তার মধ্যে ছিলাম। সত্যিই কি আবার চলচ্চিত্র ফিরতো পারবো। সংসারের ঝামেলা কাটিয়ে অবশেষে আমার আশা পূরণ হয়েছে। আমি আবার চলচ্চিত্রের শ্যুটিং শুরু করেছি। তবে এখন থেকে বেছে বেছে ছবিতে অভিনয় করবো।’ এভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সংসার জীবনের বিভিন্ন জটিলতা কাটিয়ে দীর্ঘ বিরতির পর অবশেষে শুটিংয়ে ফিরছেন ঢাকাই চলচিত্রের সফল এ নায়িকা।

অপু বিশ্বাস বলেন, ‘অনেক দিন পরে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছি। এর মধ্যে নিজেকে প্রস্তুত করেছি অভিনয়ের জন্য। এরই মধ্যে আমি আমার শারীরিক ফিটনেস ৮০ ভাগ নিয়ন্ত্রণে নিয়ে আসছি। তিনি বলেন, এক মাসের মধ্যে বাকি ২০ ভাগ কভার করতে পারব। আরো নতুন দুটি সিনেমার কাজ শুরু করব। এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করতে চাই। তবে খুব বেশি সিনেমায় কাজ করব না, বেছে বেছে ভালো সিনেমায় কাজ করব।’

এবার দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার শুটিং করেছেন অপু। ছবির নির্মাতা দেবাশীষ বিশ্বাস জানান, প্রায় দুই বছর পরে নতুন কোনো সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন এই নায়িকা। মাতৃত্বজনিত কারণে অনেক ওজন বেড়েছিল অপুর। ওজন কমিয়ে নিজেকে বদলে এরপর ক্যামেরার সামনে আসছেন তিনি। ২০১৬ সালের ৩ মার্চ সর্বশেষ ‘পাঙ্কু জামাই’ সিনেমায় অভিনয় করেন অপু বিশ্বাস। এর পর হঠাৎ করেই আড়ালে চলে যান অপু। মিডিয়ার সামনে ছেলে জয়কে নিয়ে ফিরেন ২০১৭ সালের ১০ এপ্রিল। এরই মধ্য শাকিব খানের সঙ্গে তার ডিভোর্সও হয়ে গেছে।

উল্লেখ্য, বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। দীর্ঘ ১৭ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করছেন। ২০০১ সালে রিয়াজ-শাবনূর জুটি অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পায়।

ad

পাঠকের মতামত