238743

দিনে বিএনপি, রাতে আওয়ামী লীগ

রাজধানীর বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল একাংশ নিয়ে ঢাকা-১১ নির্বাচনী আসন। এই আসনে ১৯৮৬, ১৯৯৬, ২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন আওয়ামী লীগের মহানগর নেতা একেএম রহমতুল্লাহ। এবারের নির্বাচনেও শক্ত অবস্থানে রয়েছেন তিনি। তবে তার প্রতিপক্ষ বিএনপির প্রার্থী শামীমা আরা বেগম। শামীমা আরার প্রচারণার বিষয়বস্তু ভাটারার সাবেক কমিশনার এম এ কাইয়ুমের জনপ্রিয়তা। তাই জয় ছিনিয়ে আনতে ভোটের মাঠে দুই প্রার্থীই সরব।ধানের শীষের হয়ে দিনের বেলা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন শামীমা আরা বেগম। আর বিকেল থেকে সভা-সমাবেশে ভোটের মাঠ গরম রাখছেন একেএম রহমতুল্লাহ।

আজ শনিবার খিলগাঁওয়ের মৌলভীরটেক মসজিদে আসরের নামাজ আদায় করে ওই এলাকায় সমাবেশ করেন এমপি একেএম রহমতুল্লাহ। মাগরিবের নামাজ আদায় করেন চৌধুরাপাড়া মাটির মসজিদে। সেখানেও সুধী সমাবেশ করেন। এরপর চৌধুরীপাড়া প্রাইমারী স্কুল এলাকায় সমাবেশ শেষে হাজীপাড়া মসজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। এ সময় সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে গণমানুষকে নৌকার পক্ষে গণজোয়ার তুলে ধরার আহ্বান জানান তিনি।ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতুল্লাহ বলেন, ‘এখন আর মানুষ না খেয়ে মরে না। আওয়ামী লীগ আছে বলেই ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আর বিএনপি জামায়াতের আমলে ঘরে ঘরে সন্ত্রাস তৈরি করেছিল। সারা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করা হয়েছিল।’ তাই দেশে শান্তি অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চান তিনি।

একেএম রহমতুল্লাহর ব্যক্তিগত সহকারী এহসানুর রহমান সুমন আমাদের সময়কে বলেন, ‘এমপি সাহেব দিনের বেলা তার বাসা-অফিসে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। বিকেলে মাঠে। নৌকার পক্ষে আবারও গণজোয়ার তুলতে পুরোদিনই তিনি ভোটার ও নেতাকর্মীদের সঙ্গে আছেন।’অন্যদিকে বাড্ডার আদর্শনগর, মধ্যবাড্ডা এলাকায় গণতন্ত্রের পক্ষে ভোট চান শামীমা আরা বেগম। এ সময় সরকারের বিরুদ্ধে দমন-পীড়ন, খালেদা জিয়াকে কারাবন্দী, মিথ্যা মামলার অভিযোগ তুলে মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলে ভোট চান তিনি। বিএনপি ক্ষমতায় এলে বাড্ডা-ভাটারার জলাবদ্ধতা, পানি-গ্যাস সঙ্কটসহ নাগরিক সমস্যাগুলো দূরীকরণের আশ্বাস তার।

শামীমা আরা বলেন, ‘আজ বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনা। সাধারণ মানুষ ভালো নেই। দেশব্যাপী জুলুম-নির্যাতন চলছে। গায়েবি মামলা দিয়ে দেশ থেকে বিএনপি শূন্য করার চেষ্টা চলছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে। সেই নিশ্চয়তা দিচ্ছি।’গত কয়েকদিনে এই আসনে বড় ধরনের সহিংসতা ছাড়াই বিএনপি-আওয়ামী লীগের প্রার্থীরা ভোটাদের কাছে যাচ্ছেন। দিনের বেলা শামীমা আরা নির্বাচনী প্রচারণায় থাকলেও রাতের বেলা বাসায় বসে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত করছেন তিনি।গতকাল শুক্রবার সন্ধ্যায় ভাটারা থানার (৩৯ নম্বর ওয়ার্ড) শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নানকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি বিএনপির।

ad

পাঠকের মতামত