গণসংযোগ থেকে বিএনপি নেতা আটক
চট্টগ্রাম প্রতিনিধি: মহানগরীর চকবাজারে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সহ-সভাপতি সবুক্তগীর সিদ্দিকী মক্কিকে আটক করেছে পুলিশ।শনিবার দুপুর ১২টার দিকে চকবাজারের কোপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তিনি চট্টগ্রাম-৯ আসনের ‘ধানের শীষ’ প্রার্থী মহানগর বিএনপির সভাপতি কারাবন্দী ডা. শাহাদাত হোসেনের পক্ষে গণসংযোগ চালাচ্ছিলেন।মক্কির ছোট ভাই আফজল করিম সিদ্দিকী জানান, তার ভাইকে আটকের মাত্র ৩০ মিনিটের মধ্যেই চকবাজার থানার একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মক্কি আরেক মামলায় গত সপ্তাহে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন বলে জানান তিনি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, নাশকতার পরিকল্পনাসহ বেশ কয়েকটি মামলার আসামি মক্কি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, ‘মক্কি আগের সব মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তার বিরুদ্ধে নতুন কোনো মামলা ছিল না। নির্বাচনী প্রচারণা বানচাল করতে পুলিশ বিনা কারণে তাকে গ্রেপ্তার করেছে।




