খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে আফরোজা আব্বাসের গণসংযোগ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ঢাকা ৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা আব্বাস তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। খালেদা জিয়ার মুক্তি দাবি জানিয়ে ধানের শীষে ভোট চাই এ স্লোগানে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।এ সময় রাজধানীর শাজাহানপুর থেকে খিলগাঁও রেলগেট হয়ে বাসাবোর প্রায় সব এলাকার ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন আফরোজা আব্বাস। তবে এ প্রচারণা গণসংযোগে প্রশাসনিক ঝামেলাসহ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।নানা উৎসাহ-উদ্দীপনায় নির্বাচনী আবহময় পরিবেশে ধানের গোছা হাতে নিয়ে গণসংযোগে অংশগ্রহণ করেছন বিএনপির স্থানীয় নেতারা। সর্বস্তরের মানুষ ও সমর্থকরা আফরোজা আব্বাসকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন।
নেতাকর্মীরা জানান, এই প্রথম সংসদীয় ৯ আসনের বিভিন্ন এলাকায় আমরা শান্তিপূর্ণভাবে বিএনপির পক্ষে গণসংযোগ করতে পেরেছি। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও সাড়ায় বোঝা যাচ্ছে সুষ্ঠু ভোটাধিকার ও নির্বাচনী পরিবেশ বজায় থাকলে এ আসনে ধানের শীষের জয় সুনিশ্চিত। এখন শুধু খালেদা জিয়ার মুক্তির অপেক্ষায় দেশবাসী।আফরোজা আব্বাস বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে এলাকায় ধানের শীষের লিফলেট বিতরণ করেছি। এবারের নির্বাচনে আমরা সমঅধিকারের ভিত্তিতে মাঠে সব প্রার্থীদেরসহ অবস্থান চাই। সবার ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আর সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীদের যখন তখন গ্রেফতার, তাদের বিরুদ্ধে মামলা হামলা ও চলমান অত্যাচার বন্ধের দাবি জানাচ্ছি।




