সিরাজগঞ্জে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের হাতে ফুলের তোড়া দিয়ে বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।শনিবার রাতে দলীয় কার্যালয়ে নির্বাচনী মতবিনিময় সভায় যোগদান অনুষ্ঠিত হয়। এ সময় সদ্য যোগদানকারী নেতা মিজানুর রহমান মিজান বলেন, বাংলাদেশর উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিকল্প নেই। তাই জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের পতাকাতলে শামিল হলাম। দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে শেখ হাসিনার সৈনিক হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুফজী খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, দলের প্রধান উপদেষ্টা আলহাজ গাজী সাঈদুর রহমান, সহসভাপতি গাজী দেলখোস আলী প্রামাণিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজল হক খান ঘোষন, সাংগঠনিক সম্পাদক ও বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা প্রমুখ।




