মাশরাফি খেলার মাঠে, নির্বাচনী মাঠে কর্মীরা
নিউজ ডেস্ক।। দুয়ারে কড়া নাড়ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। আর এতে নড়াইল-২ আসন থেকে নৌকার হয়ে লড়ছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলায় তাকে এখন খেলার মাঠেই সময় দিতে হচ্ছে। তাই বলে ভোটের মাঠ ফাঁকা নেই। তার হয়ে এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন কর্মী-সমর্থকরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নেতা মাশরাফির হয়ে ভোট চাইছেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে। উইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের দুটির খেলা এরই মধ্যে শেষ। প্রথমটিতে মাশরাফি বাহিনী জয় পেলেও দ্বিতীয়টিতে হেরে যায় হাড্ডাহাড্ডি লড়াই করে।
আজ শুক্রবার শেষ খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তাই দল নিয়ে মাশরাফি এখন সিলেটে অবস্থান করছেন। খেলা শেষেই ভোটের মাঠে ফিরবেন ক্যাপ্টেন। ১৭ ডিসেম্বর তার নড়াইল আসার কথা রয়েছে। ওই দিন থেকেই নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করবেন বলে জানান মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন। নড়াইল-২ আসনে মাশরাফির নৌকার বিপক্ষে ধানের শীষ নিয়ে লড়ছেন ২০-দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান এজেডএম ড. ফরিদুজ্জামান। আরও আছেন জেলা জাতীয় পার্টির অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙল), এনপিপির (ছালু) মনিরুল ইসলাম (আম), ইসলামী আন্দোলনের এসএম ডা. নাসির উদ্দীন (হাতপাখা), ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমান (মিনার) এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) প্রার্থী ফকির শওকত আলী (তারা)।
প্রতীক বরাদ্দের পর থেকেই এ আসনে ড. ফরিদুজ্জামানের পক্ষে বিএনপিসহ শরিক দলগুলোর নেতাকর্মীরা মাঠে নেমে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। তখন অবশ্য খেলার মাঠে ব্যস্ত মাশরাফি। তবে তার পক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন স্তরের লোকজন ভোটের মাঠে সভা-সমাবেশ ও গণসংযোগ করে মাশরাফির জন্য নৌকায় ভোট চাইছেন। ভোটারসহ বিভিন্ন পেশার মানুষের মন্তব্যÑ মাশরাফি লড়ছেন বাংলাদেশের জন্য, আর হাজারো নেতাকর্মী ভোটের মাঠে লড়ছেন তার জন্য। ভক্তরা জানান, মাশরাফি খেলার মাঠে থাকলেও তিনি সর্বদাই আছেন নড়াইলবাসীর হৃদয়ে। জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুভাষচন্দ্র বোস বলেন, ‘মাশরাফি দেশের জন্য ক্রিকেট খেলছে। আর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে জয়ী করার জন্য কাজ করছেন। মাশরাফি ভোটের মাঠে না থাকলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এ আসনে বিপুল ভোটে নৌকা জয়ী হবে।’
অবশ্য ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামানের অভিযোগ, ‘আমার নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ২০-দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষে বিজয়ী হবে।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘নড়াইলের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পেলে আমরা বিপুল ভোটে জয়ী হব। তবে নেতাকর্মীদের নামে একাধিক মামলা থাকায় তারা নির্বাচনী প্রচারে ঠিকমতো অংশ নিতে পারছেন না। পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।’




