জয়-পরাজয় আল্লাহর হাতে, ভোট দেবো হাতপাখাতে: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাইয়ের পীর) বলেছেন, ‘জয়-পরাজয় আল্লাহর হাতে, ভোট দেব হাতপাখাতে। হাতপাখা শান্তির প্রতীক। হাতপাখায় ভোট দিলে দেশে শান্তি বয়ে আনবে।’শুক্রবার বিকেলে বরগুনার আমতলী একে স্কুল মাঠে বরগুনা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান অলি উল্লাহর সভাপতিত্বে এক নির্বাচনী জনসভায় মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম এসব কথা বলেন।সরকারের মন্ত্রীদের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, ‘এই সরকারের এক মন্ত্রী বলেছেন বিএনপিকে ভোট দিলে এক লক্ষ লোক মারা যাবে। আওয়ামী লীগ যদি ভালো কাজ করত তাহলে তারা লক্ষ লোক মারা যাওয়া কথা বলে কেন? ভালো কাজ করলে মানুষ তাদের সাদরে গ্রহণ করত।’
বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘হাতপাখার দল সরকার গঠন করলে এ দেশের কেউ মারা যাবে না। আওয়মী লীগকে ঘর থেকে পালাতে হবে না। আপনারা শিশুর মতো মায়ের কোলে থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতিতে আসে নাই। রাজনীতিতে এসেছে এক নৈতিক আদর্শ নিয়ে ইবাদতের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন রাজনীতিতে তৃতীয় ইসলামী শক্তি হিসেবে পরিগনিত হয়েছে।’জনসভায় আরো বক্তব্য দেন- অধ্যাপক মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা মো. শাহ আলম তালুকদার, মাওলানা ওমর ফারুক জিহাদী, মাওলানা শফিউল আলম কালামপুরী, মো. মনিরুল ইসলাম মাস্টার প্রমুখ।




