আটকে গেল টুকু ও দুলুর নির্বাচন
ফৌজদারি মামলায় দণ্ডিত বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে এ দুই প্রার্থীর নির্বাচন আটকে গেল সর্বোচ্চ আদালতে।বুধবার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।আদালতে নির্বাচন কমিশন (ইসি)র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে আদালতে টুকুর পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুলুর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ, ফিদা এম কামাল।
এর আগে গত সোমবার ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। তাঁদের মনোনয়ন বাতিলে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কার্যকারিতাও স্থগিত করা হয়।এ অবস্থায় তাঁদের সংসদ নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানান তাঁদের আইনজীবীরা। তবে গতকাল মঙ্গলবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে নির্বাচন কমিশন। যার ওপর শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে আবেদন দুটি আজ বৃহস্পতিবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় শুনানি নিয়ে আপিল বিভাগ চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ চলমান থাকবে বলে সিদ্ধান্ত জানান।




