237765

পোস্টার টানানো নিয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩১

রূপগঞ্জে প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পোস্টার টানানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। বুধবার দুপুরে রূপগঞ্জে উপজেলার সদর ইউনিয়নের রূপগঞ্জ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩১ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহত রাসেল ও সাগরকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর কর্মীরা রূপগঞ্জ সদর ইউনিয়নের কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের পাশে রাস্তায় পোস্টার টানাতে আসে। পোস্টার টানানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী রাসেল ও বিএনপি কর্মী আবু মাসুমের সাথে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে উভয়পক্ষই কয়েকদফা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় একপক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। সংঘর্ষে উভয় পক্ষের সাগর, তোফাজ্জল হোসেন, রাসেল, সুজন বাবু, রফিকুল ইসলাম, জাকির হোসেন, আল-আমিন, সোহেল, খলিল মিয়া, আমজাদ, মোমেন, আসলামসহ মানিক, আবুল হোসেনসহ ৩১ জন আহত হয়। এসময় এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এদিক ওদিক ছুটাছুটি করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোন পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান।

ad

পাঠকের মতামত