সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা বাতিল
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ হজরত শাহজালাল (র) ও শাহপরানের (র) মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেট থেকে এ প্রচার শুরু হবে।তবে আজ ঐক্যফ্রন্টের পূর্ব নির্ধারিত জনসভা বাতিল করা হয়েছে। ওই সভায় অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।রেজাউল হাসান কয়েস লোদী জানান, সিলেটের রেজিস্ট্রারি মাঠে জনসভার সব ধরনের প্রস্তুতি ছিল। তবে ওই স্থানে বুধবার কোনও জনসভা হবে না।তিনি বলেন, জনসভা হবে না। তবে সিলেট থেকে ধানের শীষের নির্বাচনি প্রচারণা শুরু হবে। এই প্রচারণার নেতৃত্ব দেবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তবে মাজার জিয়ারত শেষে গণসংযোগকালে নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখবেন নেতারা।
গতকাল বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, বুধবার (আজ) সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আমাদের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করব। সব সময় তাই করা হয়। আমাদের নেত্রী যখন ছিলেন, উনিও তাই করতেন। আমরাও সেটা করব ইনশা আল্লাহ। আমরা আশা করছি, ড. কামাল হোসেন যাবেন, বিএনপির পক্ষ থেকে আমি (নজরুল ইসলাম খান) যাব। জেএসডির আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকীও যাবেন।নজরুল ইসলাম খান জানান, সিলেটে মাজার জিয়ারতের পর তারা শহরে প্রচার করবেন। জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা জানান, তারা মাজার জিয়ারতের পর সিলেটে অন্তত তিনটি পথসভায় বক্তব্য রাখবেন। আজ ঢাকা থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা দেবেন ড. কামালসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। ড. কামাল সিলেটের কর্মসূচি শেষ করে বিমানে ঢাকায় ফিরবেন। তবে জাতীয় ঐক্যফ্রন্টের কোনো কোনো নেতার সড়কপথে ঢাকায় আসার কথা রয়েছে। যারা সড়কপথে আসবেন, তাদের বিভিন্ন পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।




