বিএনপি প্রার্থী দোয়া নিলেন আওয়ামী লীগ এমপির মায়ের
নিউজ ডেস্ক।। আওয়ামী লীগের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মায়ের কাছ থেকে দোয়া নিলেন মাদারীপুর-৩ (সদরের আংশিক-কালকিনি-ডাসার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
সোমবার বিকালে আওয়ামী লীগ এমপির মায়ের দোয়া নিয়েই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেন সাবেক কেন্দ্রীয় এ ছাত্রদল নেতা। এদিন ধানের শীষ প্রতীক বরাদ্দ পান খোকন তালুকদার। এরপর তিনি চলে যান সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিমের বাসভবন মাদারীপুর জেলার ইটেরপুলে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কালকিনি বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী।
পরে বাহাউদ্দিন নাছিমের মা আনিসুর রহমানের মাথায় হাত বুলিয়ে দোয়া করে বলেন, আমি আমার ছেলেকে যেভাবে দোয়া করি, তোমাকেও সেভাবে দোয়া করে দিলাম। একথা জানিয়েছেন আনিসুর রহমান খোকন নিজেই। এদিকে মঙ্গলবার ভোর থেকে শুরু করে আনিসুর রহমান বিএনপি, যুবদল, শ্রমিক দল, তাঁতীদল ও ছাত্রদলসহ সব সংগঠনের কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করছেন।




