অপরাধী পুলিশদের বদলি ও গ্রেপ্তার চায় বিএনপি
বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের ওপর পুলিশ আগ্রাসী হয়ে উঠছে অভিযোগ করে অপরাধী পুলিশদের অন্যত্র বদলি ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি। এদের কারণে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না অভিযোগ করে মারমুখি এসব পুলিশের ছত্র-ছায়ায় অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রকাশ্যে নৌকার পক্ষে মহড়া দিচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মঙ্গলবার চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদের সঙ্গে দেখা করে লিখিতভাবে এসব অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, প্রচারণা শুরুর দিন থেকেই পুলিশের ওপর কমিশনের কোন নিয়ন্ত্রণ নেই। পুলিশ, সরকারি অফিসার, আওয়ামী লীগের নেতারা বিএনপি ও ফ্রন্টের প্রার্থীদের বিরুদ্ধে একাট্টা হয়েছেন। রিটার্নিং অফিসাররা চেষ্টা করেও লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে পারছেন না।নিজের নির্বাচনী এলাকার চিত্র ধরে মাহবুব উদ্দিন খোকন বলেন, ওখানে গত কয়েকদিন ধরে গণগ্রেপ্তার চলছে। অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রকাশ্যে নৌকার পক্ষে মহড়া দিচ্ছে। পুলিশ এসব অপরাধের কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিএনপি নেতা-কর্মীদের অপহরণ করা হয়েছে, গুলি করা হয়েছে। আহত হয়ে এসব নেতা-কর্মী হাসপাতালে চিকিৎসাধীন হলেও পুলিশ কোনো মামলা নিচ্ছে না।
আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিন থেকেই চাটখিল-সোনাইমুড়ি এলাকায় পুলিশ আগ্রাসী হয়ে উঠেছে অভিযোগ করে খোকন বলেন, বিনা কারণে বাড়িতে বাড়িতে তল্লাশি করছে। পাশাপাশি, সারা দেশেও পুলিশ গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে। নোয়াখালীর রিটার্নিং কর্মকর্তাকেও এসব অভিযোগের বিষয়ে জানানো হয়েছে। বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের বিরুদ্ধে পুলিশ আগ্রাসী ভূমিকা পালন করছে।পুলিশ কমিশনের কোন কথা শুনছে না। ইসি গণগ্রেপ্তার বন্ধ করতে বললেও পুলিশ এসব আমলে নিচ্ছে না। নতুন নতুন মামলায়, মাদক দিয়ে কর্মীদের ফাঁসানো হচ্ছে। চাটখিলের ওসি এক বিএনপি নেতাকে আটক করে তার কাছ থেকে ৭০ হাজার টাকা ঘুষ নিয়েছে। এসব অনিয়ম বন্ধে কমিশনকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি করেন মাহবুব উদ্দিন খোকন।




