নির্বাচন করতে পারছেন না রুহুল আমিন হাওলাদার
নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারছেন না।মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।আদালতে রুহুল আমিনের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ ও জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
গত ৯ ডিসেম্বর জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখা রিট দায়ের করা হয়। সেই রিটের ওপর শুনানি নিয়ে আদালত আজ (মঙ্গলবার) আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে মনোনয়পত্র জমা দিয়েছিলেন। তবে ঋণখেলাপি হওয়ায় গত ২ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।এরপর প্রার্থিতা ফিরে পেতে রুহুল আমিন হাওলাদার নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে গত ৭ ডিসেম্বর আপিলটি খারিজ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)। ওই আদেশের পরে রিট দায়ের করেন তিনি।




