আওয়ামী লীগ-বিএনপি সংর্ঘষ আহত ১৫
জামালপুরের মেলান্দহে বিএনপি মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়ে হযরত শাহ কামালের (রহ.) মাজার জিয়ারত করতে গেলে আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংর্ঘষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। সোমবার দুপুর ১২টায় মেলান্দহ উপজেলার দুরমুঠ বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এ নিয়ে দুরমুঠ বাজার এলাকায় আওয়ামীলীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংর্ঘষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন।
বিএনপির কর্মীরা দাবি করেন, তারা বহর নিয়ে মাজারে প্রবেশের সময় পেছন থেকে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায়।দুরমুঠ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরী জানান,বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বহর নিয়ে দুরমুঠ এলাকায় প্রবেশ করে। বিনা উস্কানীতে বিএনপির প্রার্থীর বহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর হামলা চালায় বলে তিনি দাবি করেন।এদিকে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আমার প্রার্থীতা চূড়ান্ত হবার পর প্রতীক পেয়ে হযরত শাহ্কামাল (রহ) মাজার শরীফ জিয়ারত করে প্রচারণার সিদ্ধান্ত নেয়। মাজারে প্রবেশের পথে পেছন থেকে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়ে কমপক্ষে ১০ জন আমার কর্মী সমর্থককে আহত করেছে। পরে স্থানীয়দের সহায়তায় মাজার জিয়ারত শেষ করে চলে আসি। এ ব্যাপারে প্রশাসনকে অবহিত করেছি আমি।
মেলান্দহ থানার উপ-পরিদর্শক মর্জিনা খাতুন বলেন, আওয়ামীলীগ-বিএনপির সংর্ঘষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে




