237047

মনির খানের পদত্যাগ, যা বললেন নায়ক রিয়াজ

আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছেন দলটির নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জনপ্রিয় কন্ঠ শিল্পী মনির খান। রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি তার এ সিধান্তের কথা জানান। তার এই পদত্যাগের নিউজটি বাংলাদেশ জার্নালে প্রকাশ হবার পর নিউজটি শেয়ার করে রোববার রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য তার সেই স্ট্যাটাসটি ধরা হলো।

চিত্রনায়ক রিয়াজ তার ফেসবুকে লিখেন, ‘আমি মানুষকে তাদের ব্যক্তিগত মতাদর্শের মাপকাঠিতে বিচার করি না। এই মানুষটিকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি যেমন একজন ভালো শিল্পী, তেমনই ভালো মানুষ। কিন্তু এই মানুষটিকে তার এতো বছরের পরিশ্রমের কি প্রতিফল দেয়া হলো? তাও একজন ‘রাজাকারের’ জন্য? ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে এক রাজাকারের মূল্য কি একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীর চেয়ে বেশি? যারা একজন শিল্পীর এই অপমান করলো তারা এই দেশকে কি দেবে? জাতিকে কি দেবে? জাতির বিবেকের কাছে আমি এই প্রশ্ন রাখলাম। ’

এদিকে মনির খান সংবাদ সম্মেলনে মনির খান বলেন, ‘আজ বিভিন্ন অজুহাতে আমার এলাকার জনগণকে এবং আমাকে জাতীয় নির্বাচন থেকে সরিয়ে দেয়া হলো। এমন অবস্থায় আমার নির্বাচনী এলাকার জনগণের প্রাণের দাবির সঙ্গে একাকার হয়ে বিএনপির সব সাংগঠনিক পদ পদাব থেকে ইস্তফা দিলাম। ’তিনি আরও বলেন, ‘রাজনীতির মাঠ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আবার সংগীত চর্চা শুরু করব। মাঝখানে যে কটা দিন, যে কটা বছর রাজনীতির সঙ্গে সংযুক্ত হবার পর কেটে গেছে, এটি আমার জীবনের অ্যাক্সিডেন্ট ছিল। আমার ভুল ছিল। এই ভুলের জন্য আমি বাংলাদেশের সব মানুষের কাছে ক্ষমা প্রার্থী।’তিনি বলেন, ‘আমি অতীতের ন্যায় আগামীতেও সাধারণ নাগরিক হিসেবে এলাকার জনগণ ও দেশবাসীর পাশে থাকব। আমি আজ থেকে কোনো দলের অন্তর্ভুক্ত নয়, একজন সংগীতশিল্পী হিসেবে পূর্বের ন্যায় সংগীত কর্মকাণ্ড চালিয়ে যাব। আমি সবার দোয়া চাই। আমি গানের মানুষ প্রাণ খুলে গান গাইতে চাই।’ সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত