236847

ভয়ভীতি দেখিয়ে ভোটারদের দমিয়ে রাখা যাবে না: নাসিম

ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারদের দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।তিনি বলেন, ভোট কেন্দ্র থাকবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। জনগণ থাকবে পাহারায়। কোনো ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারকে দমিয়ে রাখা যাবে না। রোববার দুপুরে তার নির্বাচনী এলাকা কাজিপুরের গান্ধাইল ইউনিয়নের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি বলেন, হরতাল নৈরাজ্য এ দেশের মানুষ আর বরদাস্ত করবে না। ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের সমুচিত জবাব দেবে।

বিজয়ের মাস ৩০ ডিসেম্বরের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে ভোট দেবার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলার মানুষ বিশ্বাস করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া উন্নয়নের কোনো বিকল্প নেই। গত ১০ বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে অন্ধকারের চোরাগলি থেকে উন্নয়নের আলোয় আলোকিত করেছেন। দেশের মানুষ শান্তিতে আছে, স্বস্তিতে আছে।ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ। পরে সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী রতনকান্দি ইউনিয়নের চিলগাছায় একটি সমাবেশে যোগ দেন। সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ, বিএনপিসহ মহাজোট ও দল নির্বাচনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার পর গ্রামে-গঞ্জে নির্বাচনী উৎসব শুরু হয়েছে। দেশ এখন নির্বাচনী জোয়ারে ভাসছে। এ দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে।

৩০ ডিসেম্বর প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি-জামায়াত জোট দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছিলো, হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে মেরেছিলো, দেশের সাধারণ মানুষ এ কাহিনী ভুলে যায়নি। এ দেশের মানুষ তাদের আর আশ্রয়-প্রশ্রয় দেবে না। ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে তাদের সমুচিত জবাব দেবে বলেও তিনি মন্তব্য করেন।স্বাস্থ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা যমুনার দুর্গম চরেও অভাবনীয় উন্নয়ন হয়েছে উল্লেখ করে বলেন, চরাঞ্চলের বালিয়াড়িতেও পাঁকা সড়ক নির্মিত হয়েছে। ইঞ্জিনচালিত যানবাহনও চরের পাকা সড়ক দিয়ে চলাচল করে। অনেক পাঁকা স্থাপনাও নির্মিত হয়েছে। গত ১০ বছরে দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়েছে। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। তাই উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া উন্নয়নের কোনো বিকল্প নেই।

ad

পাঠকের মতামত