236904

নির্বাচনী হলফনামা : মাশরাফি তারকা প্রার্থীদের মধ্যে সম্পদের শীর্ষে

নিউজ ডেস্ক।।  ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের প্রথিতযশা চারজন এবার প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন দল থেকে তারা মনোনয়ন পেয়েছেন। বয়সে ছোট ও রাজনীতিতে নবীন হলেও সম্পদের শীর্ষে রয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নির্বাচনী হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা অন্য তারকারা হলেন- চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত অভিনেতা আকবর পাঠান ফারুক, চলচ্চিত্রকার মাসুদ পারভেজ সোহেল রানা ও সঙ্গীতশিল্পী রুমানা মোর্শেদ কনক চাঁপা। নড়াইল-২ (সদরের আংশিক ও লোহাগড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মাশরাফি। তার হলফনামায় সম্পদ বিবরণীতে কৃষি খাত থেকে বছরে পাঁচ লাখ ২০ হাজার টাকা, ব্যবসা থেকে (এমডি, দি ম্যাশ লিমিটেড) সাত লাখ ২০ হাজার টাকা, চাকরি করে (ক্রিকেট) ৩১ লাখ ৭৪ হাজার টাকা এবং অন্য সব খাত থেকে এক কোটি ৫৫ লাখ চার হাজার ৭০০ টাকা আয়ের উল্লেখ করা হয়েছে। তার মোট ৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৫১ টাকার (৫০ তোলা স্বর্ণ বাদে) সম্পত্তি রয়েছে। এর মধ্যে তার নগদ এক কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা রয়েছে। তিন ব্যাংকে ছয় কোটি ৩৭ লাখ ২৯ হাজার ৫১ টাকা রয়েছে।

এ ছাড়া তার একটি প্রাইভেট কার, দুটি মাইক্রোবাস এবং একটি জিপ গাড়ি রয়েছে। এগুলোর মূল্য ৯৩ লাখ ৫০ হাজার টাকা। ১৮ লাখ ৫০ হাজার টাকার আসবাবপত্র, ১৫ লাখ ৫০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী, ১২ লাখ টাকা মূল্যমানের অন্যান্য সামগ্রী রয়েছে। স্থাবর সম্পত্তি হিসেবে মাশরাফির মিরপুরে ছয়তলা একটি বাড়ি, দুই হাজার ৮০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটের মূল্য এক কোটি ৮ লাখ টাকা। পূর্বাচলে তার একটি প্লট রয়েছে। এর মূল্য আট লাখ ২৪ হাজার টাকা। মাশরাফির বার্ষিক আয় দুই কোটি চার লাখ ৬৪ হাজার ৭০০ টাকা এবং বার্ষিক ব্যয় ৩৫ লাখ ৮০ হাজার ৫০০ টাকা দেখানো হয়েছে।

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কনক চাঁপা। তার হলফনামায় সঞ্চয়পত্র, শেয়ার ও ব্যাংক হিসাব থেকে বার্ষিক তিন লাখ ৩১ হাজার ২০০ টাকা, পেশা থেকে ছয় লাখ ৩৫ হাজার টাকা এবং অন্য সব খাত থেকে আয় চার লাখ ৭১ হাজার ৯৭৩ টাকা দেখানো হয়েছে। ৬৫ লাখ ৫০ হাজার ২১৭ টাকা নগদ টাকা রয়েছে। বিভিন্ন সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতে তার বিনিয়োগ করা অর্থের পরিমাণ ৬৯ লাখ। তার ৪০ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট ও ৩৫ ভরি স্বর্ণ রয়েছে। এ ছাড়া তার ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের অকৃষি জমি, এক লাখ আট হাজার ৯৫০ টাকার আসবাবপত্র, এক লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে।

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফারুক। অভিনয় বাদে আর কোনো আয়ের উৎসের কথা তিনি হলফনামায় উল্লেখ করেননি। তবে স্থায়ী সম্পদের হিসাবে গাজীপুরের কালীগঞ্জে তার ৬০ বিঘা কৃষি জমি থাকার কথা উল্লেখ করা হয়েছে। এর মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা। ব্যাংকে তার পাঁচ লাখ ৭৬ হাজার ১১২ টাকা রয়েছে। এর বাইরে গাজীপুরে পৈতৃক বাড়ি ছাড়াও ঢাকার বারিধারায় একটি বাড়ি আছে। এর পাওয়ার অব অ্যাটর্নি দেয়া হয়েছে একটি নির্মাতা প্রতিষ্ঠানের কাছে। নির্বাচনী ব্যয় মেটাবেন অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর বাবদ (সাইনিং মানি) পাওয়া অর্থ থেকে। নির্বাচনে তার সম্ভাব্য ব্যয় ২৫ লাখ টাকা ধরা হয়েছে। এর পুরোটাই আসবে সাইনিং মানি থেকে। বরিশাল-২ আসনে জাতীয় পার্টির টিকিটে সোহেল রানা নির্বাচন করবেন। তার হলফনামায় ব্যবসা থেকে বার্ষিক আয় ১১ লাখ ২৯ হাজার ৯৭ টাকা দেখানো হয়েছে। বিভিন্ন ব্যাংকে আমানত হিসাবে তার ৪৯ লাখ ৩৫ হাজার ৮৯৩ টাকা জমা আছে। রাজধানীর উত্তরায় তার একটি ফ্ল্যাট আছে। এর মূল্য ৯ লাখ টাকা। তার বাণিজ্যিক অফিসের মূল্য দেখানো হয়েছে ১৬ লাখ টাকা। বান্দরবানে একটি রাবার বাগান আছে। এর মূল্য দুই লাখ টাকা। এ ছাড়া টেকনাফে দুই লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৪৫ শতক কৃষি জমি রয়েছে। তার ৩৮ শতক অকৃষি জমির মূল্য ৩৯ লাখ ৪৪ হাজার টাকা। এ ছাড়া তার ৫০ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। উৎস: যুগান্তর।

ad

পাঠকের মতামত