মুন্সীগঞ্জে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, গুলি
মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপির প্রার্থী দলটির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এ হামলা চালায়।শাহ মোয়াজ্জেমের ভাই ওমর ফারুক অভিযোগ করেন, ‘হামলাকারীরা সাত রাউন্ড গুলি ছুড়েছে ও পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে। তবে কেউ গুলিবিদ্ধ হননি, শাহ মোয়াজ্জেম হোসেনও অক্ষত আছেন।’
এদিকে শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম কানন অভিযোগ করেন, ‘সিরাজদিখান থেকে পাথরঘাটায় কর্মীসভায় যাওয়ার পথে কুচিয়ামোড়া এলাকায় আসলে মহাজোট মনোনীত প্রার্থী মাহী বি চৌধুরীর লোকজন অতর্কিত এ হামলা চালায়।’সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে হামলাকারী কাউকে পাওয়া যায়নি। তবে আমরা হামলার বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখছি।’




