ধানের শীষ নিয়ে লড়বে যে ১১ দল
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করবে।এর আগে ১১ নভেম্বর ৮টি দল এই প্রতীকে নির্বাচন করবে বলে কমিশনকে জানিয়েছিল বিএনপি। ফলে এখন পর্যন্ত ১১টি দল ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।দলগুলো হলো- বিএনপি, জাতীয় ঐক্যের শীর্ষনেতা ড. কামাল হোসেনের দল গণফোরাম, আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, কাদের সিদ্দিকীর বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ, অলি আহমেদের এলডিপি, আন্দালিব রহমান পার্থের বিজেপি (পার্থ), খেলাফত মজলিস, জাগপা, কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তি উলামায়ে ইসলাম বাংলাদেশ।
১১ দলের নাম উল্লেখ করে বিএনপি বুধবার বিকালে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিটি ইসি সচিব হেলালুদ্দীন আহমদের হাতে তুলে দেন দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।চিঠিতে ইসিকে উদ্দেশ্য করে লেখা হয়, গত ১১ নভেম্বর দেওয়া চিঠিতে মোট ৮টি দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে বলে আপনাদের জানানো হয়েছিল। তবে ইতিমধ্যে আরও তিনটি দল এই ৮ দলের সঙ্গে যৌথভাবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টি আপনাদের (ইসি) অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।চিঠিতে দলীয় নিবন্ধন নম্বরসহ এই ১১টি দলের তালিকা উল্লেখ করা হয়।




