যশোর-২: আলোচিত সেই মুন্নীর মনোনয়নপত্র বাতিল
যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর দণ্ড ও সাজা আপিল বিভাগে বহাল থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।এই আসনে ১৫ জনের মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আরও এক প্রার্থীর মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছেন।রোববার সকালে জেলা রিটার্নিং অফিসার আবদুল আওয়াল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আদেশ দেন।মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন বিএনপির সাবিরা নাজমুল মুন্নী, ইসলামী আন্দোলনের আসাদুজ্জামান, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এবিএম আহসানুল হক, ইসলামী ঐক্যজোটের শহিদুল ইসলাম ইনসাফী, বিএনএফের আবদুল্লাহ আল মাসউদ, জাতীয় পার্টির মুফতি ফিরোজ শাহ, গণফোরামের এম আসাদুজ্জামান (মেজর আসাদ)।
এছাড়াও জাকের পার্টির মহিদুল ইসলামের মনোনয়নপত্র পর্যালোচনার জন্য সময় নেয়া হয়েছে। পরে তার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।যশোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর দণ্ড ও সাজা (সেন্টেন্স অ্যান্ড কনভিকশন) স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে স্থগিতই থাকছে।রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ চেম্বার আদালতের স্থগিতাদেশ চলমান থাকবে বলে সিদ্ধান্ত দিয়েছেন।সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্নীর অংশ নেয়ার সুযোগ থাকল না। তার মত যারা দুই বছরের বেশি সাজায় দণ্ডিত তাদের নির্বাচন করার পথও বন্ধ রইল।




