রাজশাহীতে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে চঞ্চল কুমার চন্দ্র (৪২) নামে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন। আহতদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে তাহেরপুর হরিতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাগমারা উপজেলার তাহেরপুর হরিতলা এলাকায় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত নেতা তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে চঞ্চল চন্দ্রসহ দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেয়র আবুল কালাম আজাদের সমর্থকরা জামগ্রাম উচ্চ বিদ্যালয়ে গিয়ে সহকারী প্রধান শিক্ষক ও এমপির সমর্থক গুলবার রহমানকে মারপিট করে জখম করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার জের ধরে বেলা সাড়ে ১১টার দিকে তাহেরপুর হরিতলা এলাকায় দুইপক্ষের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ওসি আরো জানান, আহতদের মধ্যে এমপির সমর্থক গুলবার ও প্রফেসর কাওসার আলী এবং মেয়রের সমর্থক চঞ্চল কুমার চন্দ্রকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতা চঞ্চল মারা যান। এ ঘটনায় তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহেরপুর ডিগ্রি কলেজের প্রভাষক মাহাবুর রহমান বিপ্লবসহ তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।




