234270

‘বিএনপি বড়জোর ৬০ আসন পাবে’

‘নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কয়টি আসন পাবে সে বিষয়ে মাথা না ঘামিয়ে মির্জা ফখরুল সাহেব নিজের আসনে জয়লাভ করতে পারবে কিনা সেই বিষয়ে মাথা ঘামান’। তিনি বলেন, এর আগেও বেগম খালেদা এমনই কথা বলে ২০০৮ এর নির্বাচনে ২৯ সিট পেয়েছিলো। আবারো ওই ফলাফলের অপেক্ষা করুন, বড়জোর ৬০ আসন পাবেন।শনিবার দুপুরে কুষ্টিয়া শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে শহর আওয়ামী লীগের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে হানিফ বলেন, ঠাকুরগাঁয়ে রমেশ চন্দ্র সেনকে হারিয়ে আপনার জনপ্রিয়তা দেখান।হানিফ আরো বলেন, ‘বিএনপি প্রতিদিনই বলছেন, এই নির্বাচন কমিশনের উপর তাদের আস্থা নেই। তাদের আস্থা জালিয়াতি করে জেতাতে পারে সেই আজিজ মার্কা নির্বাচন কমিশনের উপর। নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে গেলে সেই নির্বাচন ভাল আর বিপক্ষে গেলে সেই নির্বাচন খারাপ, এই হলো বিএনপির চরিত্র। হানিফ বলেন, এই কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। জনগণ স্বাধীনভাবে তাদের রায় দেবে এবং সেই রায় আওয়ামী লীগের পক্ষেই আসবে।

কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানের সভাপতিত্বে এ বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস প্রমুখ।

ad

পাঠকের মতামত