কোনো জামায়াত নেই, সবাই বিএনপি: ফখরুল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক যারা পেয়েছেন, তারা কেউ জামায়াত নন, সব বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থতি নিয়ে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক সংগঠন জামায়াতের জন্য ২৫টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এ ২৫টি আসনে নির্বাচন কমিশনে নিবন্ধনহীন জামায়াত ভোট করবে ধানের শীষ প্রতীকে।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াত ইসলামের এখানে কেউ নেই। যা আছে সব বিএনপি, সব ধানের শীষ হয়েছে।বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত এবং হেফাজত ইসলাম সহিংস কর্মকাণ্ড ঘটাতে পারে—এমন উদ্বেগ প্রকাশ করে মার্কিন কংগ্রেস বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এ ব্যাপারে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই। উনারা (মার্কিন কংগ্রেস) এ বিষয়গুলো দেখেন। কিন্তু বাংলাদেশে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য তাদের যে ভূমিকা রাখা উচিত, এ ভূমিকা তারা রাখছেন না।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে গেছি। কিন্তু এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি নির্বাচন কমিশন। তারা সরকারের নীল নকশা বাস্তবায়ন করছে।নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, বিএনপি ২৯৫টি আসনে প্রার্থী দিয়েছে। বাকি পাঁচটি আসন তারা ফাঁকা রেখেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জোটের সিনিয়র পাঁচজন নেতার জন্য এ আসনগুলো ফাঁকা রাখা হয়েছে। চূড়ান্ত মনোনয়নের সময় এগুলো ফায়সালা করা হবে।এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।




