মনোনয়ন না পেয়ে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে
মনোনয়ন না পাওয়ায় দল থেকে পদত্যাগ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলার সভাপতি আব্দুর রশীদ সরকার। দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে তিনি ধানের শীষের চিঠি পাওয়ার পর মনোনয়নপত্রও জমা দিয়েছেন।জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুর রশীদ ১৯৯১ ও ১৯৯৬ সালে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবার মনোনয়ন বঞ্চিত হওয়ায় গত সপ্তাহে দল থেকে পদত্যাগ করেন তিনি।ক্ষুব্ধ রশীদ বলেন, আমি বারবার প্রতারিত হয়েছি। আমার তো একটা ভবিষ্যৎ আছে। আমি রাজনীতি করব। এভাবে পর্যায়ক্রমে প্রতারিত হয়ে আমি জাপা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।
‘টাকার অঙ্ক কমে যাওয়ায়’ জাপা তাকে ২০০১ সালে মনোনয়ন দেয়নি অভিযোগ করে আব্দুর রশীদ বলেন, আমাকে ২০০৮ এ মনোনয়ন দেওয়া হয়নি। পরে আমার হাত ধরে পার্টিতে যারা এসেছে, তাদেরও মনোনয়ন দেওয়া হয়েছে, আমাকে অবজ্ঞা করা হয়েছে। আমি পার্টির জন্য অনেক করেছি, টাকা খরচ করেছি। আর কত? আমি আর পারছিলাম না।




