কাঁদলেন বিএনপি প্রার্থী সালাম
এবার কাঁদলেন বাগেরহাট-২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী এম এ সালাম। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।কান্নাজড়িত কণ্ঠে সালাম বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। তবে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। প্রতিদিনই বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে পুলিশ রেইড দিচ্ছে। সরকারদলীয় লোকজন বাড়ি ছেড়ে চলে যেতে বলছে, নেতা–কর্মী ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। সবাই আতঙ্কের মধ্যে আছে। এই পরিবেশে সুষ্ঠু নির্বাচন হওয়া দুরূহ।’
এর আগে ২৬ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাঁদেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রত্যায়নপত্র দেওয়া হচ্ছে মহাসচিব মির্জা ফখরুলের স্বাক্ষরে। সেই প্রত্যয়নপত্র হস্তান্তরের আগে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ফখরুল।খালেদা জিয়াকে কারাগারে রেখে এই প্রথম নির্বাচনে যাচ্ছে বিএনপি—এ পর্যন্ত বলে কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল। এ সময় টিস্যু দিয়ে চোখ-মুখ মুছতে দেখা যায় তাকে। তার কান্না দেখে সংবাদ সম্মেলনস্থলে থাকা বিএনপির নেতারাও আবেগাপ্লুত হয়ে পড়েন।




