233619

‘জামায়াতের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে’

জামায়াতে ইসলামি দলটির মধ্যে অনেক মুক্তিযোদ্ধাও আছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, ‘জামায়াতের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, কোন যুদ্ধাপরাধীকে আমরা ধানের শীষ প্রতীক দেবো না।’জাতীয় ঐক্যফ্রন্টসহ ২০ দলীয় জোট নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পর থেকেই সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বলেন, ‘মনোনয়ন জমা দিতে আমাদের নেতাকর্মীদের পদে পদে বাধা দেয়া হচ্ছে। ছোট থেকে বড় সবাইকে আসামি করা হচ্ছে। অনেকেই নিখোঁজ হচ্ছে। এগুলো সবই সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।’

নজরুল বলেন, ‘আওয়ামী লীগ একের পর এক ফাউল করছে। সরকার ও ইসি নিশ্চুপ ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশন সরকারের সহায়ক ভূমিকা পালন করছে। এভাবে চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’বিএনপির এই নীতিনির্ধারক অভিযোগ করে বলেন, ‘২০১৪ সালের মতো আরও একটি প্রহসনের নির্বাচন করতে সরকার গ্রেপ্তার বাণিজ্য অব্যাহত রেখেছে। তিনমাস পূর্বে মিথ্যা ও গায়েবি মামলায় গ্রেপ্তার হয়ে কারান্তরীণ তেজগাঁও থানা ছাত্রদলের নেতা আব্দুল্লাহ আল তামিম গাজীপুর জেলে গতকাল মৃত্যুবরণ করেছে। কারা কর্তৃপক্ষের অবহেলা ও সরকারের নির্যাতনেই তার মৃত্যু হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অন্য নেতাদের পক্ষে কাজ করার জন্য অনেক সিনিয়র নেতা মনোনয়ন জমা দেননি। এটাকে আপনারা নির্বাচনী কৌশলও বলতে পারেন।’সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত