233471

যে কারণে নানককে মনোনয়ন দেওয়া হয়নি, জানালেন কাদের

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমানসহ আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতাকে মনোনয়ন না দেওয়ার কারণ জানালেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এবার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন ও বিএম মোজাম্মেল হক নির্বাচন পরিচালনার সঙ্গে থাকবেন।’কাদের আরও বলেন, ‘এই ব্যাপারে গতকাল মঙ্গলবার তাদের ডেকে আমাদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু পরামর্শ দিয়েছেন। তিনি আরও কিছু পরামর্শ দেবেন।’

আজ বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতিতে সবাই নির্বাচন করে না। ভারতের অনেকেই কিন্তু দলকে সহযোগিতা করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করে না। আমাদের নির্বাচন পরিচালনার জন্য দক্ষ এবং অভিজ্ঞ যে নেতৃত্ব, তারা সাধারণত নির্বাচনে অংশগ্রহণ করত। কিন্তু এবার আমাদের নেত্রী সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের বিজেপিসহ অনেক রাজনৈতিক দলের মতো কিছু নেতাদের নির্বাচনের বাইরে রেখেছেন।’

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামালের নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি জানি না কী কারণ। কারণ তো আছে। সে কারণটা সত্যি সত্যিই সময় মতো প্রকাশ হবে। আর কামাল হোসেনকে তো ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলা হচ্ছে।’ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশে কাদের বলেন, ‘কে তাদের প্রধানমন্ত্রী হবেন? এই প্রশ্নটার উত্তর আজও জানা যায়নি। মানুষ স্বাভাবিক কারণে মনে করেছিল ড. কামাল হোসেন পিএম ফেইস। মানুষের সে ধারণার অবসান হলো। এখন কে ঐক্যফ্রন্টের পিএম ফেইস, এটা আবারও জানতে ইচ্ছে করছে।’

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘একটা দল, একটা জোট নির্বাচন করছে, সামনে কে কে লিড দিচ্ছে। কোন ফেইসটাকে কেন্দ্র করে দেশের মানুষ পরবর্তী প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে সে কথা আজও জানা গেল না।’বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে না পারা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদেরও তো আছে, আমরা আগে-ভাগে আঁচ করতে পেরে কক্সবাজারের বদির মতো অনেককেই মনোনয়ন দেইনি। হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাই। আপিল বিভাগও এই সিদ্ধান্তে অটল, এই ব্যাপারটাকে আমরা স্বাগত জানাই।’

সাকিলা ফারজানাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়াকে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জঙ্গি বলেই মনোনয়ন পেয়েছেন। জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকেই তাদের মনোনয়ন পেয়েছে। এখনও ঘোষণা তারা করেননি। তবে এটাই স্বাভাবিক ব্যাপার যে এরা মনোনয়ন পাবে। তারা জঙ্গিবাদের পৃষ্টপোষক। এটা আমরা অনেক দিন আগে থেকে বলে আসছি। বিএনপি জঙ্গিবাদের পৃষ্টপোষক। এই পৃষ্টপোষকতার পরে তারা জঙ্গিকে মনোনয়ন দিবে এতে অবাক হওয়ার কিছু নেই।’জোট ও মহাজোটের আসন বন্টনের বিষয়ে কাদের বলেন, ‘এখন মেরুকরণের সময় নয়। সমীকরণের সময়। সমীকরণ কোথায় গিয়ে ঠেকে সেজন্য অপেক্ষা করতে হবে।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি প্রমুখ।

ad

পাঠকের মতামত