মিতালির ভয়ংকর অভিযোগ কোচের বিরুদ্ধে
স্পোর্টস ডেস্ক।। নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমি ফাইনালে থেমেছিল ভারতের পথ চলা। তবে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের একটি ঘটনা নিয়ে তোলপাড় ভারতীয় ক্রিকেটে। ওই ম্যাচে ওয়ানডে অধিনায়ক মিতালি রাজকে একাদশ থেকে ছেঁটে ফেলা হয়। মিতালির এই বাদ পড়া নিয়ে একের পর এক বিতর্ক সামনে আসছে। এবার তো কোচ রমেশ পাওয়ারের বিরুদ্ধে অভিযোগ এনে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চিঠি দিলেন মিতালি রাজ।
প্রধান নির্বাহী রাহুল জোহরি ও সাধারণ সম্পাদক সাবা করিমকে লেখা মিতালির চিঠিটি সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। মিতালি অভিযোগ করে বলেছেন, কোচ রমেশ পাওয়া তাকে শুধু একাদশ থেকেই বাদ দেন নি। তাকে আঘাত করে কথা বলেছেন এবং বিরক্তিকর কথা ও অপমান করেছেন।মঙ্গলবার বোর্ডকে লেখা চিঠিতে মিতালি লিখেছেন, ‘আমি একটি বিষয় উল্লেখ করতে চাই, টি-টুয়েন্টি অধিনায়ক হারমানপ্রিত কাউরের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ আনতে চাই না। তবে কোচের নির্বাচন করে দেওয়া একাদশকে তার সমর্থন করা বিভ্রান্তিকর ও বেদনাদায়ক ছিল।’
ভারতের পক্ষে টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক মিতালি বলেছেন, ‘কোচের কাছে আমি কিছু জানতে গেলেই তিনি ফোন ঘাঁটতে শুরু করতেন। আর সেখান থেকে চেলে যেতেন। যা ছিল অত্যান্ত অপমানজনক।’ ভারতীয় নারী দলের কোচ রমেশ পাওয়ার এক সময় খেলেছেন জাতীয় দলের জার্সিতে।
সেমি ফাইনাল থেকে নিজ দেশের বিদায় নেওয়াটা বেশি পুড়িয়েছে মিতালিকে ‘আমি চেয়েছিলাম দেশের জন্য বিশ্বকাপ জিততে। এটা আমাকে অনেক বেশি আঘাত করেছে কারণ আমরা সুবর্ণ সুযোগ হারালাম।’ এদিকে মিতালি অভিযোগ করেছেন প্রশাসক কমিটির সদস্য ডায়না এডুলজির বিরুদ্ধেও। বলছেন, ‘আমার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি।’




