মাশরাফিসহ আওয়ামী লীগ বিএনপির মনোনয়নপত্র জমা
নড়াইল-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।বুধবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনজুমান আরার নিকট মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, অ্যডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচীন কুমার চক্রবর্তী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম নবী।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজাকে নড়াইল-২ আসনে নৌকা প্রতীক দিয়েছেন। আমরা জেলা আওয়ামী লীগসহ শরীকদল মিলে মিশে নৌকা প্রতীকে মাশরাফিকে বিপুল ভোটে নির্বাচিত করবো। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেনতায় বিশ্বাসী আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোটদানের আহ্বান জানান।এছাড়া জেলা রিটার্ণিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন কালিয়া-১ আসনে আওয়ামী লীগের মনোনীত শরীক দল জাসদের শরীফ নূরুল আম্বিয়া, নড়াইল-২ আসনে বিএনপি সমর্থিত শরীফ কাসাফুদ্দোজা কাফী, নড়াইল-১ আসনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মিল্টন মোল্যা সহ বিভিন্ন রাজনৈতিক ও স্বতন্ত্র প্রার্থীরা।
এছাড়া কালিয়ায় সহকারী জেলা রিটার্ণিং অফিসার ও কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুদার নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন নড়াইল-১ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও বিএনপি মনোনীত জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দেন। এসময় কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান ওছি, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরমেয়র মুশফিকুর রহমান লিটন উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র জমাদানকালে রিটার্নিং অফিসারের কার্যালয় চত্বরে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি, জাসদ, ওয়ার্কাস পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন।উল্লেখ্য, নড়াইলের ২টি আসনে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।




