233269

বিএনপি নেতাদের যেসব স্ত্রী-সন্তান মনোনয়ন পেয়েছেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য ইতিমধ্যে প্রায় ৮শ জন দলীয় প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুধু নেতারা নন, দলের মনোনয়ন পেয়েছেন অনেক প্রতিষ্ঠিত নেতার স্ত্রী ও সন্তানেরাও।বিএনপির অনেক নেতার বিরুদ্ধে মামলা থাকায় তারা নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এ কারণেই দলটি প্রায় সব আসনেই একাধিক প্রার্থী রেখেছে। আর একই কারণে মনোনয়ন পেয়েছেন নেতাদের স্ত্রী ও সন্তানেরাও। দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী শাহিদা রফিক মনোনয়ন পেয়েছেন কুমিল্লা-৩ আসন থেকে। ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ মনোনয়ন পেয়েছেন নোয়াখালী-৫ আসন থেকে।পঞ্চগড়-১ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক স্পিকার জমির উদ্দীন সরকারের ছেলে নওশাদ জমির। বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও মনোনয়ন পেয়েছেন। কক্সবাজার-১ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সালাহ উদ্দীন আহমদের স্ত্রী হাসিনা আহমদ।

যশোর-৩ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম।বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায় মনোনয়ন পেয়েছেন ঢাকা-৩ আসনে। তিনি মনোনয়ন পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়ের বিকল্প প্রার্থী হিসেবে।বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন লড়ছেন ঢাকা-৬ আসনে।আরো মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর স্ত্রী সুরাইয়া আখতার এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রোমানা মাহমুদ। ঢাকা-২ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের ছেলে ইরফান ইবনে আমান দলীয় মনোনয়ন পেয়েছেন। পটুয়াখালী-২ আসনে শহীদুল আলম তালুকদারের স্ত্রী সালমা আলম মনোনয়ন পেয়েছেন।দলীয় মনোনয়ন পাওয়ার তালিকায় আছেন রুহুল কুদ্দুস তালুকদারের স্ত্রী সাবিনা ইয়াসমিনও।অন্যদিকে ঢাকা-১৪ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক সাংসদ এস এ খালেকের ছেলে এস এ সিদ্দিক। দলটির সাবেক জনপ্রিয় নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা মনোননয়ন পেয়েছেন সিলেট-২ আসন থেকে।

ad

পাঠকের মতামত