233431

জুতা পায়ে শহীদ মিনারে বিএনপির এমপিপ্রার্থী মিনুসহ নেতাকর্মীরা

রাজশাহীতে শহীদ মিনারে উঠে জুতা-স্যান্ডেল পায়ে দিয়ে সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। রাজশাহী কোর্ট শহীদ মিনারে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় রাজশাহীর রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুরু হয়েছে তোলপাড়।রাজশাহী-২ (সদর) আসনের এমপিপ্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান নেতাকর্মীরা।মনোনয়ন দাখিলের আগে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মিনুসহ জুতা-স্যান্ডেল পায়ে শহীদ মিনারে উঠেন বিএনপি নেতাকর্মীরা।

শহীদ মিনারে এ সময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, দফতর সম্পাদক নাজমুল হক ডিকেন, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইটসহ দুই শতাধিক নেতাকর্মী।জুতা পায়ে শহীদ মিনারে ওঠার বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, এটা এমন কোনো ব্যাপার না। শহীদ মিনারে রাতে অনেক ধরনের অসামাজিক কার্যকলাপ সংঘটিত হয়। মনের অজান্তে হয়তো এমনটি ঘটেছে। আর আপনারা (গণমাধ্যমকর্মীরা) ইস্যু খুঁজে পান না। দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। সে ব্যাপারে মনোযোগ দেন বলে পরামর্শ দেন এ বিএনপি নেতা।

এ ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী জেলা শাখার সভাপতি ভাষাসৈনিক আবুল হোসেন যুগান্তরকে বলেন, দেশের সূর্য্য সন্তানদের অসম্মান জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। যেসব শহীদরা রক্তের বিনিময়ে বাংলা ভাষা এবং বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন এ ধরনের আচরণ তাদের প্রতি অশ্রদ্ধার নামান্তর। যারা শহীদ মিনারের প্রতি অসম্মান দেখিয়েছে, তাদের শাস্তি হওয়া উচিত। অন্যথায় আপামর জনতাই এদের শাস্তির ব্যবস্থা করবেন।

ad

পাঠকের মতামত