সাবেক সাংসদের ডিগবাজী!
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আবারো ডিগবাজী দিলেন সম্প্রতি জাতীয় পার্টিতে যোগদানকারী বিএনপি দলীয় সাবেক সাংসদ এ টি এম আলমগীর।বুধবার রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।জাতীয় পার্টি মহাজোটে থাকলেও তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেয়ে দল থেকে বের হয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা- ৯ আসনে লড়বেন।খোঁজ নিয়ে জানা যায়, এ টি এম আলমগীর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হন। ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. তাজুল ইসলামের কাছে পরাজিত হন।
২০০১ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী পরিবর্তন করে কর্নেল (অব.) এম আনোয়ার উল আজিমকে মনোনয়ন দিলে এ টি এম আলমগীর সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ২৫৬ ভোট পান। ওই নির্বাচনের পর আবারো বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে ২০০৮ সালের নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নেন। কিন্তু মনোনয়ন না পেয়ে চুপসে যান।এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলের নির্বাহী কমিটির সদস্য পদ লাভ করেন এবং মহাজোটের প্রার্থী হতে জোর লবিং করেন। কিন্তু মনোনয়ন লাভে ব্যর্থ হয়ে জাতীয় পার্টি থেকে ডিগবাজী দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে আজ বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।এ ব্যাপারে জানতে চাইলে এ টি এম আলমগীর মুঠোফেনে কালের কণ্ঠকে জানান, জাতীয় পার্টি শীর্ষ নেতারা তার সঙ্গে প্রতারণা করেছেন। নির্বাচনের পরে নেতাদের সঙ্গে বুঝাপড়া হবে। তবে নির্বাচনে তিনি লড়বেনই।




