মনোনয়ন পেয়ে শেখ নাসেরের ভিডিও, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে বাগেরহাট -২ আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন শেখ পরিবারের তরুণ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।২৫ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে মনোনয়ন চিঠি দেওয়া হয়।মনোনয়নপত্র পেয়েই রোববার তন্ময় ফেসবুক পেজ খুলে সেখানে একটি ভিডিও পোস্ট করেন, যা ইতোমধ্যে ভাইরাল।ভিডিওতে তিন হাজারেরও বেশি কমেন্ট পড়েছে। ইতোমধ্যে ভিডিউটি শেয়ার সাড়ে চার হাজার পেরিয়ে গেছে।
ভিডিওতে তন্ময় যা বলেছেন – আসসালামুআলাইকুম, আমি শেখ তন্ময়। এটা আমার অফিশিয়াল ফেসবুক পেইজ। আমি কখনো চিন্তা করিনি যে আমার অফিশিয়াল একটি পেইজ লাগবে। কিন্তু সময়ের প্রয়োজনে আমার এই পেইজটি খোলা।আমাদের সরকারের যতো উন্নয়ন কাজ এবং ইশতেহার আছে তা আমি এই পেইজ থেকেই প্রচার করবো। আপনাদের আমার এই পেইজটির সাথে থাকার অনুরোধ করছি।এরপর রাজনীতিতে আসা নিয়ে বাগেরহাটসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই সুদর্শন তরুণ।
তিনি বলেন, আমরা নতুন, আমরা তরুণ। আমাদের অনেক স্বপ্ন আছে, আমরা সুন্দর বাংলাদেশ চাই।তন্ময় নিজেকে শুধুমাত্র বাগেরহাটের প্রতিনিধি মনে করে সীমাবদ্ধ গণ্ডিতে থাকতে চান না। তিনি জানিয়েছেন, শুধু বাগেরহাটের নয়, সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের আমি একজন প্রতিনিধি। বাগেরহাটের পাশাপাশি সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের মতো আমারও অনেক স্বপ্ন আছে।রাজনীতিতে অনেক কিছু তার শেখার আছে জানিয়ে তিনি বলেন, আমি জানি অনেক ভুল- ত্রুটি থাকে এবং রয়েছে, একদিনেই সব ঠিক হয় না।
আমরা শিখবো আমরা চেষ্টা করবো, আমরা তরুণ প্রজন্মের যারা আছি আমরা একসাথে কাজ করতে চাই। আমি আশাকরি আপনারা আমার সাথে থাকবেন। এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।প্রসঙ্গত, ইতিমধ্যে শেখ তন্ময় নিয়ে সামাজিক মাধ্যমে হইচই পড়ে গেছে। তন্ময়ের নারী ভক্ত অসংখ্য হওয়ায় তাকে ‘জাতীয় ক্রাশ’ উপাধি দিয়েছেন নেটিজেনরা।দলীয় মনোনয়ন পাওয়ার আগে থেকেই ফেসবুকে ভাইরাল হয়ে গেছে তার বেশ কিছু ছবি ও ভিডিও।
তার প্রশংসায়, ইতিবাচক আবার নেতিবাচক কমেন্টে ভেসে গেছে ফেসবুক। বিশেষকরে ফেসবুকে তার নারী ফলোয়ারের সংখ্যা আকাশচুম্বী।তার প্রতি মেয়েদের আগ্রহ বিষয়ে বিবিসির এক প্রশ্নে সুদর্শন এই তরুণ জবাবে বলেছিলেন, আমরা তরুণ বলেই তরুণদের আগ্রহ তৈরি হয়েছে এবং সেটাই স্বাভাবিক। যারা আমার সম্পর্কে ইতিবাচক মন্তব্য করছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
রাজনীতিতে আসা প্রশ্নে শেখ সারহান নাসের তন্ময় জানান, রাজনীতি তার কাছে নতুন কিছু নয়।তিনি বলেন, একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক আবহেই আমি বড় হয়েছি। ফুফু (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)কে একেবারে কাছে থেকে দেখছি। বাবাও রাজনীতি করছেন। সব মিলিয়ে রাজনীতি আমার কাছে নতুন নয়।প্রসঙ্গত, শেখ তন্ময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের নাতি। সেই সূত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ তন্ময়ের ফুফু।তার বাবা শেখ হেলাল উদ্দিন বর্তমানে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য।ভিডিওটি দেখতে ক্লিক করুন:




