বগুড়া-৪ আসনে মাঠে নেমেছে হিরো আলম, ভক্তদের ভিড়
বগুড়া প্রতিনিধি: ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনের ভোট যুদ্ধে অংশ নিতে মাঠে নেমেছেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত আশরাফুল হোসেন আলম খ্যাত নবাগত বলিউড অভিনেতা হিরো আলম।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে সোমবার (২৬ নভেম্বর) নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোছা. শারমিন আখতারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
সঙ্গে ছিলেন – নন্দীগ্রাম পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, জাপানেতা গোলাম মোস্তফা কামাল, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি ডা. রাসেল মাহমুদ সহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগি সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী।এছাড়াও নন্দীগ্রাম উপজেলা পরিষদ ভবন সহ চত্বরে হিরো আলমের ভক্তদের উপচে পড়া ভিড় গেছে। উপজেলা সদরের পুরাতন বাজার থেকে বাসষ্ট্যান্ড পর্যন্ত সড়কে ভক্তদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।
মনোনয়নপত্র সংগ্রহের পর ফেরার পথে উপজেলা সদরের পুরাতন বাজার থেকে বাসষ্ট্যান্ড এলাকা পর্যন্ত তরুণ-যুবক সহ সকল শ্রেণী পেশার মানুষের ভিড় করে। এ সময় শুভেচ্ছা বিনিময় করেন বলিউড অভিনেতা হিরো আলম।বিভিন্ন প্রশ্নের জবাবে গনমাধ্যমকে তিনি বলেন, আমি জাতীয় পার্টির (লাঙ্গল) দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। তবে দল থেকে আমাকে মনোনয়ন না দিলেও আমি প্রার্থী হব। ভোটের মাঠে হিরো আলম থাকবে।
এর আগে ১২ নভেম্বর রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র কেনেন হিরো আলম। তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা। ১৩ নভেম্বর মনোনয়নপত্র জমা দেন তিনি।




