কালীগঞ্জে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা
ঝিনাইদহের কালীগঞ্জে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের কাউন্টারে হামলা চালিয়েছে ১০/১৫ জনের একদল যুবক। এ সময় হামলায়কাউন্টার মাস্টার মিলন হোসেন আহত হয়। ভাংচুর করা হয় কাউন্টারের চেয়ার, টেবিল।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জয় বাংলা স্লোগান দিয়ে ১৫/২০ জনের একদল যুবক এসে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বলতে থাকে, এখানে বসে বিএনপির মিটিং করিস? এরপর কাউন্টারের আসবাবপত্র ভাংচুর করে, আবার জয় বাংলা স্লোগান দিয়ে বের হয়ে যায় তারা।
কালীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সাইদুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় কালীগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সিনিয়য় যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে ধানের শীষের মিছিল বের করা হয়।তিনি অভিযোগ করে বলেন, এরপর সন্ধ্যায় ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজের বাল্যবন্ধু মিলন হোসেনের পুর্বাশা কাউন্টারে হামলা চালিয়ে ভাংচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার নেতৃত্বে ছিলো ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সজল ও আশিকুর রহমান সোহাগ।
তবে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিঠু মালিথা অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগের কেউ এই হামলার সাথে জড়িত না। বিএনপির অভ্যন্তরীন কোন্দলে নিজেরাই এই হামলা চালিয়েছে।এদিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস আলী বলেন, তেমন কোন ঘটনা ঘটেনি। বিএনপি মিছিল করেছে, এই জন্য মনে হয় বাকবিতণ্ডা হয়েছে।




