232905

সিএমএইচে ভর্তি করা হয়েছে ‘অসুস্থ’ এরশাদকে

নিউজ ডেস্ক।। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার (২৬ নভেম্বর) দুপুরে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, পরে শারীরিক অবস্থার অবণতি হয়েছে দাবি করে তাকে ভর্তি করা হয়। এদিকে উন্নত চিকিৎসার জন্য এরশাদকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হতে পারে বলেও জানিয়েছেন জাতীয় পার্টির কয়েকজন র্শীষ নেতা। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলওয়ার জালালী বলেন, ‘দুপুরে দলের চেয়ারম্যানকে শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত চেকআপের অংশ হিসেবে সিএমএইচ-এ যাওয়া হয়। এখন তিনি সেখানেই আছেন।’

এরশাদের ঘনিষ্ঠজনরা জানান, বয়সের কারণে দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন এরশাদ। বিশেষ করে, তার রক্তে কখনও সোডিয়াম কমে যায়, কখনও হিমোগ্লোবিন কমে যায়। এজন্য কিছুদিন পরপরই হাসপাতালে গিয়ে তাকে রক্ত নিতে হয়। মাস খানেক আগে রক্তে সোডিয়ামের মাত্রা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় তিনি কয়েকদিন সিএমএইচে ভর্তি ছিলেন, নিতে হয়েছিল কয়েক ব্যাগ রক্তও।

জাতীয় পার্টি সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে দলের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন না এরশাদ। সবশেষ সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দলের বনানী কার্যালয়ে মনোনয়ন ঘোষণার সময়ও যেতে পারেননি তিনি। এমন পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য শিগগিরই এরশাদকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হতে পারে বলেও জানা গেছে। এদিকে চেয়ারম্যানের অনুপস্থিতিতে, দলীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য কো চেয়ারম্যান জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানা গেছে।

তবে জাপা নেতাদের কেউ কেউ বলছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের কয়েকদিন আগেও এরশাদ ‘অসুস্থ’ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এবারও সেই ধরনের কিছু কি-না কে জানে। এদিকে এরশাদের অসুস্থতাকে ঘিরে সৃষ্ট জল্পনা-কল্পনার মধ্যে জাপার রাজনীতিতেও কিছু পরিবর্তন দৃশ্যমান। এরশাদের অনুপস্থিতিতে দলে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এরশাদপত্নী রওশন এরশাদ ও দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

ad

পাঠকের মতামত