233139

প্রেমে সাড়া না দেওয়ায় কিশোরীকে কুপিয়ে খুন!

প্রেমের ডাকে সাড়া না দেওয়ায় মো. সোহেল (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে শারমিন আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর সায়েদাবাদ সুপার মার্কেটের সামনে রেললাইনের ওপর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।এ ঘটনায় পর স্থানীয়রা ওই যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। তবে সোহেল জানিয়েছেন, প্রতারণার প্রতিশোধ নিতেই এই খুন করেছেন তিনি।

প্রাথমিক তথ্যের উদ্ধৃতি দিয়ে পুলিশের ওয়ারী বিভাগের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, নিহত শারমিনের বাবার নাম আবদুস সাত্তার। সপরিবারে তিনি গোপীবাগের কেএম দাশ লেনে থাকতেন। সায়েদাবাদ এলাকায় কাজী আরেফ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী শারমিন ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।ডিসি আরও জানান, স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে শারমিনকে প্রায়ই উত্ত্যক্ত করতেন সোহেল। কিন্তু প্রেমের ডাকে সাড়া না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবক। আজ বিকেল সোয়া ৩টার দিকে গোপীবাগের রেললাইনের পাশ দিয়ে শারমিন হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে সোহেল বটি নিয়ে অতর্কিত তার ওপর হামলা করলে ঘটনাস্থলেই শারমিনের মৃত্যু হয়।

এদিকে শারমিনের চিৎকারে আশপাশের লোকজন সোহেলকে ধরে গণপিটুনি দিলে তিনিও গুরুতর আহত হয়। খবর পেয়ে সোহেলকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করে পুলিশ। আর নিহত শারমিনের লাশ ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে মর্গে পাঠিয়েছে ওয়ারী থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জের ধরে ঘটনাটি ঘটেছে।সোহেল জানান, সায়েদাবাদ এলাকায় কাজী আরেফ উচ্চ বিদ্যালয়ের পাশেই তার দোকান। স্কুলে আসা যাওয়ার পথে কথা বলার একপর্যায়ে নিহত শারমিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময় শারমিনের পেছনে দোকানের অনেক টাকা খরচ করেন সোহেল। এতে প্রায় দেউলিয়া হওয়ার উপক্রম তার।’

মো. সোহেল আরও জানান, কিছুদিন ধরে অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন শারমিন। এতে তাদের সম্পর্ক ক্রমেই খারাপ হতে থাকে। সোহেলের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন ওই স্কুল ছাত্রী। সবশেষ করে প্রতারণার প্রতিশোধ নিতেই আজ বিকেলে প্রকাশ্যে বটি দিয়ে কুপিয়ে শারমিনকে হত্যা করেন। এই খুনে তার কোনো অনুশোচনা নেই।

ad

পাঠকের মতামত