নৌকার প্রার্থী বদলের দাবিতে ধানমন্ডি কার্যালয়ে বিক্ষোভ
কিশোরগঞ্জ-৫ আসনে নৌকার মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রাজধানীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে দুইশত নেতাকর্মীরা।মঙ্গলবার দুপুর দুইটার দিকে দুই শতাধিক নেতাকর্মী মিছিল সহকারে এসে রাজনৈতিক কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। এর কিছুক্ষণ পরে কার্যালয়ের সামনে অবস্থানরত পুলিশ তাদের চলে যাওয়ার নির্দেশ দেয়। তারপরও তারা ‘আফজাল ছাড়া নৌকা চাই’, ‘নিকলী-বাজিতপুরবাসী পরিবর্তন চায়’ স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ বিক্ষোভরতদের ব্যানার কেড়ে নিয়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভরতরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। কিশোরগঞ্জ-৫ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আফজাল হোসেন। ওই আসনে নৌকার একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।
এ বিষয়ে বিক্ষোভকারীদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা কোন প্রার্থীর পক্ষে স্লোগান দিচ্ছি না। আমরা প্রার্থীর পরিবর্তন চাই।গত রবিবার ২৫ নভেম্বর নৌকার বিভিন্ন প্রার্থীদের মনোনয়নের চিঠি দেয় আওয়ামী লীগ। এরপর থেকে বিভিন্ন এলাকায় ক্ষোভ- বিক্ষোভ ও অবরোধের ঘটনার খবর পাওয়া গেছে। গতকাল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩১ জনকে নৌকার মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে বলে জানান।




