কথা রাখেননি এরশাদ, অভিমানী ‘ছেলে’ ফিরলেন বিএনপিতে
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কথা না রাখায় ও মনোনয়ন না পেয়ে ফের বিএনপিতে যোগ দিয়েছেন জাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল।লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসন থেকে মনোনয়ন না পেয়ে তিনি এ কাণ্ড করেছেন।মঙ্গলবার ভোরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাতে ফুল দিয়ে আবার বিএনপিতে যোগদান করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, রোকন উদ্দিন বাবুল বিগত উপজেলা পরিষদ নির্বাচনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। পরে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপির কেন্দ্রীয় কমিটি।সেই নির্বাচনে নৌকার প্রার্থীর কাছে পরাজিত হন বাবুল। পরে ২০১৪ সালে কালীগঞ্জ উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাতে ফুল দিয়ে জাপায় যোগদান করেন তিনি। তখন লালমনিরহাট-২ আসনের প্রার্থী হিসেবে বাবুলের নাম আগাম ঘোষণা করে এরশাদ। পান জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমাজকল্যাণ সম্পাদকের পদ।
সর্বশেষ আদিতমারী উপজেলার কুমড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ বাবুলকে ছেলে সম্বোধন করে ফের লালমনিরহাট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন। কিন্তু শেষ পর্যন্ত কথা রাখেন নি এরশাদ।এ আসন থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ফলে জাপা প্রার্থী হিসেবে মনোনয়ন বঞ্চিত হন বাবুল। এতে মঙ্গলবার ভোরে ক্ষোভে দ্বিতীয়বারের মতো দল বদল করে বিএনপিতে যোগদান করে লালমনিরহাট-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন চান বাবুল।
এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু যোগদানের সত্যতা নিশ্চিত করে বলেন, আদর্শ বিচ্যুত হয়ে কিছুদিন ভিন্ন মতাদর্শে ঘুরে পুনরায় শহীদ জিয়ার আদর্শে ফিরে আসায় বাবুলকে স্বাগত জানানো হয়েছে। তিনি লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসন থেকে মনোনয়ন চেয়েছেন। তবে তাকে মনোনয়ন দেওয়ার বিষয়টি এখনো (এ রির্পোট লেখা পর্যন্ত) চূড়ান্ত হয়নি।




