হলি আর্টিজান হামলার বিচার শুরু
রাজধানীর অভিজাত গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ৩ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।সোমবার দুপুরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৮ আগস্ট ৮ আসামির বিরুদ্ধে দাখিল করা চার্জশিট গ্রহণ করেন আদালত। গত ২৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির মামলাটিতে সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।কারাগারে থাকা ৬ আসামি হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান ও হাদিসুর রহমান সাগর।
মামলাটির পলাতক দুই আসামি হলেন- শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন।প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ নাগরিক প্রাণ হারান। তাদের মধ্যে তিনজন বাংলাদেশি, একজন ভারতীয়, নয়জন ইতালীয় এবং সাতজন জাপানি নাগরিক।প্রায় ১২ ঘণ্টার ওই ‘জিম্মি সঙ্কট’ শেষ হয় সেনাবাহিনীর কমান্ডো অভিযান ‘অপারেশন থান্ডারবোল্ট’ দিয়ে। অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্টুরেন্টের বাবুর্চি সাইফুল ইসলাম চৌকিদার নিহত হন।
নিহত জঙ্গিরা হলেন- নিবরাস ইসলাম, মীর সামিহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জল ওরফে বিকাশ।ওই ঘটনার পরই দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযান জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় সরাসরি জড়িত হিসেবে চিহ্নিত ২১ জনের মধ্যে বিভিন্ন সময় ১৩ জন নিহত হন।




