ভোট বিপ্লব ঘটবে ৩০ ডিসেম্বর: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘আগামী ৩০ ডিসেম্বর দেশে ভোট বিল্পব ঘটবে এবং গত ১০ বছরে এ সরকারের দলীয় শাসনের অবসান ঘটবে।’তিনি বলেন, ৫ বছর পর আমি সুযোগ পেয়েছি। গত বছরগুলোতে বিরোধী দলীয় সকল শ্রেণির মানুষের উপর নির্মম অত্যাচার, নির্যাতন, হামলা, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি চলছে। এ সব ঘটনা সরকারের মদদেই হয়েছে।সোমবার বিকালে তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) এ নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে মওদুদ আহমেদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকার রাজনৈতিক চর্চা ছিল শান্তিপূর্ণ। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই, সুন্দর পরিবেশ চাই। এলাকার মানুষ আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিবে। ধানের শীষের জোয়ার অব্যাহত রয়েছে। ধানের শীষ প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতীক, আমাদের দাবি বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি। এবার দেশের ভোটারগণ ভয়-ভীতি উপেক্ষা করে ধানের শীষে ভোট দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল হাসান মো. নোমান প্রমুখ।




