232781

আশরাফের বিকল্প কে এই হুমায়ুন?

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দুজন। দলটির সাবেক সাধারণ সম্পাদক বর্তমানের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।রোববার আওয়ামী লীগ কার্যালয় থেকে দেয়া মনোনয়ন চিঠিতে ওই আসনে এ দুজনের নাম উল্লেখ করা হয়। কেন তাকে বিকল্প রাখা হয়েছে, এ প্রশ্নের সবার যেমন জানা, তেমনি সবার মাঝে ‘কে এই এই হুমায়ুন’ এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে।

মশিউর রহমান হুমায়ুন কিশোরগঞ্জের হোসেনপুরের সন্তান। হোসেনপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ থেকে এইচএসসি এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন।তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় তিনি আহত হন। ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক স্কুলছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন মশিউর। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারিও তিনি।

এ ব্যাপারে মশিউর রহমান হুমায়ুন পরিবর্তন ডটকমকে বলেন, ‘আমাদের সবার আবেগের জায়গা সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি যদি নির্বাচন করতে পারেন, তাহলে আমরা সবাই তার হয়ে নির্বাচন করব। আর যদি কোনো কারণে তিনি করতে না পারেন, তাহলে আমিই প্রতিদ্বন্দ্বিতা করব।’কিশোরগঞ্জ-১ আসনে দুজনকে চিঠি দেয়ার বিষয়ে আওয়ামী লীগ নেতারা জানান, সৈয়দ আশরাফ যদি নির্বাচন করতে না পারেন, তাহলে হুমায়ুন লড়বেন নৌকা প্রতীক নিয়ে।

উল্লেখ্য, জাতীয় চার নেতার একজন সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ ১৯৯৬ সাল থেকেই কিশোরগঞ্জ সদর আসন থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ে আসছিলেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বলিষ্ঠ ভূমিকা পালনের পর তিনি দলের সাধারণ সম্পাদক হন। তবে ২০১৬ সালে দলের সম্মেলনে এই পদ ছেড়ে দেন তিনি।

ad

পাঠকের মতামত