232562

মিরপুর টেস্টেও অনিশ্চিত তামিম

নেটে দুই দিন ব্যাটিং করে দলকে আশার আলো দেখিয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। কিন্তু দ্রুতই সেই আশার আলো দপ করে নিভে গেল! আজ রবিবার সিটি স্ক্যান রিপোর্ট থেকে জানা গেছে, চোটের জায়গায় এখনও খানিকটা তরল জমা হয়ে আছে। ভেতরে ফুলেও আছে খানিকটা। সুতরাং নাটকীয় কিছু না ঘটলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও তামিম ইকবালকে পাচ্ছে না দল।

আগামী ৩০ নভেম্বর শুক্রবার রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। গত দুই মাসে দফায় দফায় চোটে পড়েছেন তামিম। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের প্রথম ম্যাচে আঙুলে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। সেই চোট কাটিয়ে চলতি মাসেই শুরু করেছিলেন নেট সেশন। কিন্তু সেখানেই তিনি সাইড স্ট্রেইন ইনজুরিতে আক্রান্ত হন।

দলের সেরা ওপেনারের অনুপস্থিতিতে বাংলাদেশের উদ্বোধনী জুটি মুখ থুবড়ে পড়েছে। ইমরুল কায়েস, লিটন দাস কিংবা সৌম্য সরকার- কেউই সাদা পোশাকে রানের দেখা পাচ্ছেন না। চট্টগ্রাম টেস্ট শেষে অসহায় কণ্ঠে অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, দল এখন তামিমের ফেরার অপেক্ষায়। কিন্তু বন্ধুর জন্য সাকিবের অপেক্ষা বাড়ছেই। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে তামিমের ইনজুরির কোনো আপডেট তথ্য প্রকাশ করেনি বিসিবি। তবে বোর্ডের বিভিন্ন সূত্র থেকে বিষয়টি জানা গেছে।

ad

পাঠকের মতামত