232166

মাশরাফির পক্ষে আগাম নির্বাচনী প্রচারণা শুরু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বড় চমক তারকা ক্রিকেটার নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ আসনে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার খবরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার বইছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে মাশরাফির প্রার্থিতা নিয়ে বিভিন্ন মন্তব্য ও লেখালেখি করায় সবার মাঝে এ বিষয়ে কৌতূহল সৃষ্টি হয়েছিল। যা অতিসম্প্রতি (২০ নভেম্বর) আ’লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নড়াইল-২ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজার নাম ঘোষণা করায় নড়াইলবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ ঘোষণার পরপরই আনন্দ মিছিল, র‌্যালি ও মিষ্টি বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে মাশরাফির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ ও যুব মহিলা লীগের আয়োজনে নির্বাচনী এলাকা সদর ও লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোট চেয়ে উঠান বৈঠক, নির্বাচনী প্রস্তুতি সভা, কমিটি গঠন ও মিছিল বের করা হচ্ছে।

গত ১১ নভেম্বর নড়াইল-২ আসনে নির্বাচন করতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাশরাফি। তিনি ছাড়াও এ আসনে ১৭ জন আওয়ামী লীগের হয়ে লড়তে চান। তবে সবাইকে ছাপিয়ে মাশরাফিই নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী হচ্ছেন-এমন ইঙ্গিত পেয়ে নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস শহরের রূপগঞ্জে তার ব্যবসা প্রতিষ্ঠানে দলীয় নেতাকর্মীদের মিষ্টিমুখ করান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে মাশরাফির পক্ষে নৌকা মার্কায় ভোট চান।

এদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগ শহরের পুরাতন বাস টার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে মিষ্টি বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করে। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগের আয়োজনে সদর উপজেলার শম্ভুডাঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।নড়াইলবাসী জানান, নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজাকে নৌকা প্রতীকে দলমত-নির্বিশেষে ভোট দিয়ে জয়ী করতে হবে। মাশরাফি শুধু নড়াইলের গর্বিত সন্তান নয়,১৬ কোটি মানুষের ভালোবাসার মানুষ। তাই তাকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে এ আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে হবে।

নড়াইলে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত। মাশরাফি এমপি হলে অবহেলিত নড়াইল জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে।অন্যদিকে,মাশরাফি মনোনয়ন কেনার পর থেকেই আলোচনা চলছিল তার প্রতিদ্বন্দ্বী কে হচ্ছেন। অতিসম্প্রতি আওয়ামী লীগের টিকিট পাওয়ার ইঙ্গিত পেয়ে সেই কৌতূহল আরও তুঙ্গে। ওই আসনে ২০ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী কে হচ্ছেন- সেটাই মূলত আলোচনার বিষয়।মাশরাফির সঙ্গে লড়তে নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন কিনেছেন সাত নেতা। তাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম।

সাত জন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে এগিয়ে থাকা বিএনপি নেতা মনিরুল ইসলাম যুগান্তরকে বলেন,‘এবারের নির্বাচনে জোট থেকে মনোনয়ন না দিয়ে বিএনপি থেকে মনোনয়ন দেয়ার প্রত্যাশা করছি। নড়াইলে বিএনপি শক্তিশালী অবস্থানে থাকা সত্ত্বেও ২০০১ সালে জোট থেকে মনোনয়ন দেয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। মাশরাফি একজন তারকা ক্রিকেটার, আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিলে তাকে খ্যাতিমান ক্রিকেটার হিসেবে নয়, নৌকার প্রার্থী হিসেবে বিবেচনা করব।

ad

পাঠকের মতামত