232282

বিবিসি বাংলাসহ বিভিন্ন ভুয়া ওয়েবসাইট খোলার অভিযোগে আটক কে এই এনামুল?

প্রথম আলো, বাংলা ট্রিবিউন, বিবিসি বাংলা, বিডি নিউজসহ বিভিন্ন নামে ভুয়া ওয়েবসাইট খোলার অভিযোগে এনামুল হক নামে এক যুবককে আজ আটক করেছে র‍্যাব-২। শনিবার সকালে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে তাঁকে আটক করা হয়।র‍্যাব জানায়, আটক ব্যক্তি নিজেকে পিএইচডি গবেষক হিসেবে পরিচয় দিতেন। এনামুল দক্ষিণ কোরিয়া থেকে এসব ভুয়া ওয়েবসাইট পরিচালনা করতেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুক বলেন, এনামুল বিভিন্ন অনলাইনের নামে ২২টি ভুয়া ওয়েবসাইট খুলেছিলেন। দক্ষিণ কোরিয়া থেকে এগুলোর নিউজ আপলোড করতেন। এসব নকল সাইট ভিজিট থেকে যে আয় হতো, তার ৭০ শতাংশ ছাত্রশিবিরের তহবিলে জমা হতো।

সম্প্রতি তিনি দেশে আসেন। তবে এনামুল হক অপহরণের নাটক সাজিয়েছিলেন। বিষয়টি এ রকম—তাঁর পরিবার অপহরণের কথা বলবে, অন্যদিকে তিনি কোরিয়া পালিয়ে যাবেন। তবে গত ১৮ নভেম্বর র‍্যাবের কাছে বিভিন্ন অনলাইন থেকে চিঠি দেওয়া হয় যে ভুয়া নামে ওয়েবসাইটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে। এর পর তদন্ত করে এনামুলের ফোন ও নাম পাওয়া যায়। এর পর আজ সকালে এনামুলকে আটক করা হয়। তিনি পাবনা ঈশ্বরদী থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় আসেন।বুধবার থেকে এনামুল হক নিখোঁজ ছিলেন বলে পরিবার দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। তিনি আশকোনা থেকে নিখোঁজ হন।

বুধবার রাত ১টায় কোরিয়ায় যাওয়ার জন্য আশকোনার বাসা থেকে রাত ১০টার দিকে বের হয়েছিলেন পিএইচডি গবেষক এনামুল হক। এসময় তার বন্ধুর ছোট ভাই তাকে রিকশায় উঠিয়ে বিদায় নেন। এরপর থেকেই নিখোঁজ ছিল এনামুল। এনামুল নিখোঁজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্বজন ও বন্ধুরা স্ট্যাটাস দেয়। সেখানে মোবাইল নম্বরও দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার তাদের নম্বরে অপহরণকারী পরিচয় ফোন আসে।

এনামুলের পরিবার দাবি করেছে, ঘটনার পরদিন বৃহস্পতিবার দিবাগত রাতে ‘অপহরণকারী’ পরিচয়ে তার স্বজনদের ফোন দেয় একটি চক্র। তারা দেড় লাখ টাকা দাবি করে। ওই নম্বরে তারা একলাখ টাকাও পাঠিয়ে দেয়। তবে তারপরও ফেরত আসেনি এনামুল। এরপর শুক্রবার দক্ষিণখান থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

নিখোঁজ এনামুল ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বৃত্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার কিওংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে (কেএনইউ) পিএইচডি করছেন। তার গ্রামের বাড়ি পাবনা।এনামুলের স্ত্রী নাজমিন সুলতানা জানান, আমরা শুনতে পেরেছি র‌্যাব তাকে আটক করেছে। তবে, আমারা ঠিকভাবে এখনও জানিনা কেন, কি জন্য তাকে আটক করা হয়েছে। গত ২৩ অক্টোবর দেশে এসেছিলেন এনামুল।

ad

পাঠকের মতামত