232183

প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার জাতির সামনে তুলে ধরবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ইশতেহার প্রণয়ন উপকমিটির বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা জানান দলের সভাপতিমন্ডলীর সদস্য ও কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক।আবদুর রাজ্জাক বলেন, আমাদের লক্ষ্য জনগণের সামনে নির্বাচনের আগে ইশতেহার নিয়ে যাওয়া। হক, ভাসানী, সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকা নিয়ে আমরা জনগণের সামনে যাব।

ইশতেহারের মূল লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনে ইশতেহারের মূল লক্ষ্য হবে উন্নয়নের মহাসড়কের গতিকে আরও বেগবান করা। ইশতেহারে প্রধান লক্ষ্য হবে ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধিকে আরও বৃদ্ধি করা। দারিদ্র্যের হার আরও কমানো।আবদুর রাজ্জাক বলেন, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যের বিষয়ে আরও কৌশলী হওয়ার কথা থাকবে ইশতেহারে। আগামীতে আওয়ামী লীগের চ্যালেঞ্জ হবে পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাদ্য নিশ্চিত করা। আধুনিক পুলিশ জনগণহিতৈষী, জনগণদরদি, জনগণবান্ধব-কী ধরনের পুলিশ বাহিনী হবে, সেটা আমরা বলার চেষ্টা করব।

তরুণ সমাজের বিষয়ে সাবেক মন্ত্রী রাজ্জাক বলেন, আগামী দিনের তরুণ সমাজ নিয়ে আমরা কী ভাবছি, এই তরুণ সমাজকে উন্নয়নের সঙ্গে দেশ পরিচালনার সঙ্গে কীভাবে সম্পৃক্ত করা যায়, সেটা জনগণের সামনে তুলে ধরা হবে।তিনি বলেন, সামষ্টিক অর্থনীতি, ব্যাংকের মুদ্রাস্ফীতি, ব্যাংক ব্যবস্থা, ইনস্যুরেন্স ব্যবস্থা নিয়ে কী ধরনের চিন্তাভাবনা আছে, সেটাও জনগণের সামনে তুলে ধরা হবে। কৃষিক্ষেত্র ও শিল্পায়নের উন্নয়ন কীভাবে করা যায়, তার বিস্তারিত তুলে ধরা হবে।

ইশতেহার উপকমিটির বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের উপদেষ্টা ড. অনুপম সেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত