আড়াই ঘণ্টার ‘গোপন বৈঠকের’ খবর দিলেন রিজভী
‘নৌকা’ প্রার্থীদের বিজয় নিশ্চিত করে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা নিয়মিত গোপন বৈঠক করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী।রুহুল কবির রিজভীর অভিযোগ, গত মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবের কনফারেন্স রুমে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী গোপন বৈঠক করেন পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা। ওই বৈঠকে ক্ষমতাসীন দলের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা’ পর্যালোচনা করা হয়।
রিজভী দাবি করেন, বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, জনপ্রশাসন সচিব ফয়েজ আহমেদ, ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ, পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন সচিব মহিবুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা সিটি রিটার্নিং কর্মকর্তা আলী আজম, প্রধানমন্ত্রীর এপিএস-১ কাজী নিশাত রসুল এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, নির্বাচনের সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপি-ঐক্যফ্রন্টকে চরম অসহযোগিতা করা হবে। বৈঠকে আরও পরিকল্পনা করা হয় যে, এমন পরিস্থিতি সৃষ্টি করা হবে যাতে বিএনপি ও তাদের জোট নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হয় এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে। সূত্র: দৈনিক আমাদের সময়




