মহাজোটে মনোনয়ন না পেয়ে ২০ দলীয় জোটে মধুপুরের পীর
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে মনোনয়ন না পেয়ে ইসলামী ঐক্যজোট ছাড়লেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ। তিনি ধর্মভিত্তিক এ দলটির ভাইস-চেয়ারম্যান ছিলেন। ২০ দলীয় জোটের শরিক জমিয়তে ইসলামে যোগ দিয়েছেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ।বৃহস্পতিবার (২২ নভেম্বর) ইসলামী ঐক্যজোট ছেড়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামে যোগ দেন তিনি। জমিয়তে যোগদানের ক্ষেত্রে তিনি জাতীয় ঐক্যফ্রন্ট থেকে তার মনোনয়ন নিশ্চিত করার শর্তারোপ করেন।
সূত্র জানায়, নির্বাচনে আসন বণ্টনকে কেন্দ্র করে ইসলামী ঐক্যজোটের নেতাদের সঙ্গে বিরোধ হয় মাওলানা আব্দুল হামীদের। তিনি মুন্সিগঞ্জ-১ আসন থেকে নৌকা মার্কায় নির্বাচন করতে আগ্রহী ছিলেন। তবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী আসন বণ্টনের তালিকা থেকে বাদ পড়েন মাওলানা আব্দুল হামীদ। এ কারণে তিনি ক্ষুব্ধ হয়ে দলটি ত্যাগের সিদ্ধান্ত নেন।
ইসলামী ঐক্যজোটের একজন দায়িত্বশীল জানান,কয়েকদিন আগে মাওলানা আব্দুল হামিদ মনোনয়ন বিষয়ে দলীয় অফিসে প্রতিনিধি পাঠান। প্রতিনিধির মাধ্যমে তিনি নৌকার মনোনয়ন নিশ্চিত করার বার্তা দেন। এমনকি ইসলামী ঐক্যজোটকে যদি আওয়ামী লীগের পক্ষ থেকে একটিমাত্র আসন দেওয়া হয়, সে আসনটিও তাকে দেওয়ার দাবি করা হয়।ইসলামী ঐক্যজোট থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জমিয়তের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠানো হয়েছে। প্রসঙ্গত, মাওলানা আব্দুল হামীদ হেফাজতে ইসলামের নায়েবে আমির। তিনি একই সঙ্গে আর্ন্তজাতিক খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির আমির।




